কখনো এন্তার ভাবায়
কখনো মিশে যায় ধোঁয়ায়
কখনো ঝরে জলে ফোঁটায় ফোঁটায়
কখনো জড় খন্ড-
পরে থাকে মোহনায়
যাই করুক ভয়ের চিবুকের নিচে লাল
লাল
ক্ষত হয়ে যাওয়া ভয়গুলো
এখনো ঝুলে আছে আয়েশে
নিশ্চিন্তে নির্ভাবনায়।
আর আমাদের মতন ভয়জীবী
কিছু স্বয়ংক্রিয় ভয় গড়ছে
ইট- ইটের ভয়
বালি-বালির ভয়
ও একশ তলা বিল্ডিং নাম-ভয়,
আর তার ভেতরে
মোহ এবং কামের ভয়
প্রেম কিংবা দুঃখের ভয়
ভাতের দলা ও কামড়ে ভয়, সাথে-
মাংসের দেশে নিরেট মাংস হয়ে যাবার মত অক্ষম ভয়
আর বাহিরে অনবরত-
রক্ত ও তার কান্নার ভয়
দুর্ঘটনা ও শংকার ভয়
বোনের ওড়নাকে বখাটে ছোঁয়ানোর মত লজ্জিত ভয়
পেট ও তাকে রক্ষা করার মত অন্ধকার মিশ্রিত ভয়
এত এত ভয়ও এখন চিন্তিত-তাড়িত-বিক্ষিপ্ত ভীষণ
মানুষ আর ভয়ের সমিল চেহারা তাকেও বিদীর্ণ করে-পীড়িত করে-
করে শোকার্ত-অপদস্থ-লাঞ্চিত অগণন।
----------------------------------সাইফুল করীম

No comments:
Post a Comment